Sylhet Today 24 PRINT

রাজধানীর উত্তরায় রামদা দিয়ে দম্পত্তিকে কোপাল দুর্বৃত্তরা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর উত্তরায় এক একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করেছেন। তারা বাঁচার জন্য চিৎকার করছেন। এমন একটি ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।

পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে সোমবার রাত ৯টার দিকে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক এর প্রতিবাদ জানান। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা দম্পতিও প্রতিবাদ জানান।

“এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা তাদের হুমকি দেয়। তারা ফোন করে আরও দু-একজনকে ডেকে আনে। এরপর সেখানে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।“

উত্তরার মোহাম্মদ আল জাকি নামের এক বাসিন্দা বলেন, হইচই শুনে তিনি নিচে নামেন। গিয়ে দেখেন, লোকজন দুই তরুণকে মারধর করছেন। পরে শোনেন তারা সড়কে ‘মাস্তানি’ করছিল। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে বলে মন্তব্য করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.