Sylhet Today 24 PRINT

কোনো খবর যেন ‘অতিরঞ্জিত’ না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সব বাহিনীকে এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকদেরও কোনো খবর ‘অতিরঞ্জিত’ করে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সরকার যৌথ বাহিনীর টহল জোরদার করার ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিযানে পুলিশ, আনসার, র‍্যাব যে বাহিনীরই হোক, কারও কোনো গাফিলতি থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। ঠিকমতো কাজ না করলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

এ সময় গত রাতে তার বাসার পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান এক সাংবাদিক। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যথাস্থানে এ বিষয়ে অবহিত করার পরামর্শ দেন। এ সময় তিনি সাংবাদিক অনুরোধ করে বলেন, ‘সাংবাদিকেরা যে খবর প্রকাশ করছেন, তা যেন অতিরঞ্জিত না হয়। তাহলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায়।’

উপদেষ্টা সাংবাদিকদের আশ্বস্ত করেন, ‘সঠিক সংবাদ সরবরাহ করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

শহিদ পরিবারের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের দুইটা দাবি ছিল: বিচার ও শহিদ সেনা দিবস ঘোষণা। শহিদ সেনা দিবস ঘোষণা করেছি। বিচারের জন্য কমিশন গঠন করা হয়েছে। সঠিক বিচার নিশ্চিত করতে এই তদন্ত কমিশন করে দেওয়া হয়েছে।

বনানীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহিদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

প্রসঙ্গত, পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার জাতীয় শহিদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন হতে যাচ্ছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.