Sylhet Today 24 PRINT

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন-নেপাল সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে এবং এর মাত্রা ছিল ৫.৫। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি, তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, ‘ব্রেকিং নিউজ : ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.