Sylhet Today 24 PRINT

বোমা হামলার ‘ভুল বিবৃতির’ জন্য বিএনপির দুঃখপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৫

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছে- তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দলটির এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

এই ভুল বিবৃতির জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতকারী কর্তৃক কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বিএনপি দুঃখপ্রকাশ করছে।

এরআগে, শনিবার (১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেছিলেন, “বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে।’’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

বিবৃতিতে বোমা হামলায় হতাহতের শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) নিহত হন। এ ঘটনায় মো. ফারুক (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। পরে ঘটনাটিকে বোমা হামলা উল্লেখ করে নিন্দা জানায় বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.