Sylhet Today 24 PRINT

বাংলাদেশ বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

তিন বছরের (২০১৬-২০১৮) জন্য জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য সংস্থার’ (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে  বাংলাদেশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর প্রতক্ষ্য ভোটে ডব্লিউএফপির নির্বাহী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, "২০০৯ সাল থেকে কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিগত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে যে ব্যাপক সাফল্য অর্জন করেছে, ডব্লিউএফপির নির্বাহী সদস্যপদ লাভ তারই স্বীকৃতি।"

তিনি বলেন, “দেশ চাল রপ্তানি শুরু করেছে। অন্য কৃষিপণ্য রপ্তানি প্রতিবছরই বাড়ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। খাদ্যশস্য উৎপাদন প্রায় চার কোটি টনে পৌঁছেছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।”

খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুও বেড়েছে বলে মাসুদ বিন মোমেন উল্লেখ করেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.