Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের আইনের আওতায় আনার দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের সবাইকেই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠনের আয়োজনে ‘উন্নয়নের রাজনীতি- জননেত্রী শেখ হাসিনার নীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না। আজকে যখন পদ্মাসেতুর পাইলিংয়ের কাজ এগিয়ে যাচ্ছে, তখন তিনি বলছেন, এই সরকার পদ্মাসেতু করতে পারবে না। এর মানে, তিনি দেশের উন্নয়ন চান না। দেশ এগিয়ে যাচ্ছে, এটি তার কাম্য না। তার দল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে তারাই বিতর্কিত করতে চান, যারা মুক্তিযুদ্ধকে ‘গন্ডগোল’ হিসেবে দেখেন। তারাই একাত্তরকে ‘গন্ডগোলের বছর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

এ সময় তিনি শুধু  খালেদা জিয়াকে নয়, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

হাছান মাহমুদ আরও বলেন, জাতীয় প্রশ্নে ভারত, আমেরিকা, ইউরোপের দেশগুলোর সবদল একমত হয়। আমরাও সেই রাজনীতি চাই। কিন্তু একটা গোষ্ঠী তা চায় না। তাই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের রাজনীতি থেকে সরে যেতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.