Sylhet Today 24 PRINT

দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২৫

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরলেন খালেদা জিয়া।

১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করে মঙ্গলবার সকাল পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। তার সঙ্গী হয়ে দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

এদিকে বিমানবন্দরে অপেক্ষারত নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দলের নির্দেশনা মেনে তারা দাঁড়িয়েছেন ফুটপাতে-ডিভাইডারে। বিভিন্ন স্লোগানে মুখর করে রাখছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে বেলা সোয়া ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.