সিলেটটুডে ডেস্ক | ০৬ মে, ২০২৫
বজ্রপাতে আগা থেকে গোড়া দ্বিখণ্ডিত হয়ে গেছে একটি মেহগনি গাছ।
পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে মঙ্গলবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলার পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে থাকা মেহগনি গাছে বজ্রপাত হয়। এতে লম্বালম্বিভাবে দুইভাগে বিভক্ত হয়ে গেছে মেহগনি গাছটি।
অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, সকাল থেকেই আকাশে কালো মেঘ ও বাতাস ছিল। সেইসঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতেরও শব্দ শোনা যায়। আমরা সেইসময় পদার্থবিজ্ঞান বিভাগের সামনেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ ও একগুচ্ছো আলো দেখতে পাই। পরে বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়, যেটি আমরা দেখতেই পাচ্ছিলাম। এমনকি চোখের সামনেই মেহগনি গাছটি দ্বিখণ্ডিত হতে দেখেছি। আমরা পাশেই ছিলাম, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, একটা লম্বা মেহগনি গাছ তার মাঝখান দিয়ে বজ্রপাতটি গিয়েছে। এতে গাছটা দুই ভাগ হয়ে গেছে। তবে অন্য কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।