Sylhet Today 24 PRINT

মধ্যরাতে মব দিয়ে বিশৃঙ্খলাকারীদের ছাড়িয়ে নিলেন হান্নান মাসুদ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২৫

রাজধানীর ধানমন্ডি থানার ৪ নম্বর সড়কে মব সৃষ্টি করে একজন পাবিলার্সকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগে আটক তিন সমন্বয়কে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা-পুলিশ।

মঙ্গলবার (২০ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু।

তিনি বলেন,'তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন। তার জিম্মায় আটকদের ছেড়ে দিয়েছি’

বুধবার (১৯ মে) দিবাগত রাতে ঘটনাস্থল থেকে আটকের পর ছেড়ে দেওয়া সমন্বয়করা হলেন, মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের(বৈবিছাআ) আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী। তাকে বিকেলে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি দুজন হলেন বৈবিছা ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার ও বৈবিছাআ-এর কোন পদে নেই এমন একজন মো: উল্লাহ জিসান।

গত রাতে আটকের পর আজ বিকেল তিনটা পর্যন্ত সেখানে ধানমন্ডি থানায় ছিলেন এই তিনজন সমন্বয়ক৷ আজ দুপুরের পর ধানমণ্ডি থানায় আসেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। প্রায় ঘণ্টা খানেক থানার উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ,আলোচনার পর তার জিম্মায় এই তিনজনকে ছেড়ে দেয় ধানমণ্ডি থানা-পুলিশ।

তিনজনকে ছাড়িয়ে নেওয়ার বিষয় জানতে চাইলে হান্নান মাসুদ বলেন,'এমনি খোজ-খবর নিতে এসেছি।একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো সেটা মিমাংসা করা হলো। এই ঘটনায় বাইরের অনেকেই জড়িত আছে। সেগুলো আমরা খতিয়ে দেখছি।

এদিকে, সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে ওই ব্যক্তিরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান ঘটনা প্রসঙ্গে বলেন, একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাসায় কিছু লোক ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে ওই ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন। কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা নেই। এ কারণে তাকে গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে এক তরুণ বলেন, ‘আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে। আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন। আমি বলছি, আমি বলছি...আপনি গ্রেপ্তার করেন।’

তখন ওসি বলেন, ‘ওনার নামে মামলা নেই।’

তরুণ বলেন, ‘মামলা আমি করব, আপনি গ্রেপ্তার করেন।’ ওসি জবাব দেন, আমার সিনিয়র (জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা) বলছে, মামলা না থাকলে গ্রেপ্তার করা যাবে না।’ ওসি তখন তরুণদের উদ্দেশে ‘সিন ক্রিয়েট’ (অপ্রীতিকর পরিস্থিতি তৈরি) না করার অনুরোধ করেন।

তারপরও তরুণেরা গ্রেপ্তার করার জন্য চাপ দিচ্ছিলেন। তাঁরা ওসিকে বারবার বলছিলেন, ওসি টাকা খেয়েছেন।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয়ধারীরা অজ্ঞাতনামা হিসেবে প্রকাশককে গ্রেপ্তারের জন্য পুলিশকে চাপ দেন। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না জানালে তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার ভাষ্য, সোমবার রাতে ‘কয়েকজন ছেলে‘ তার বাসার সামনে হইচই করছিল। তারা জোর করে বাসায় ঢোকার চেষ্টাও করে। পরে তিনি ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে।

বঙ্গবন্ধুর বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ১৪ খণ্ডের বই 'সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কিছু বই প্রকাশ করেছে হাক্কানী পাবলিশার্স। স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.