Sylhet Today 24 PRINT

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম, দায়িত্বে আসছেন আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২৫

জসীম উদ্দিন ও আসাদ আলম সিয়াম

বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অব্যাহতি দিয়ে ৪৫ দিনের ছুটিতে পাঠানো হচ্ছে। তার স্থলাভিষিক্ত হবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। তবে তার নতুন দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. নজরুল ইসলাম।

জানা যায়, নতুন পররাষ্ট্র সচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নিযুক্তির বিষয়টিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত সোমবার (১৯ মে) অনুমোদন দিয়েছেন।

২০২৪ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন সিয়াম। এর আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে, তিনি ফিলিপাইন এবং পালাউতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিয়াম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডসের মাস্ট্রিচ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের।

সিয়াম ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমান অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

প্রসঙ্গত, গত পাঁচ দশকে পররাষ্ট্রসচিব পদে নিয়োগের এক বছর কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে কাউকে সরিয়ে দেওয়ার নজির মাত্র তিনটি। তাদের মধ্যে ১৯৭২ সালে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্রসচিব সৈয়দ আনোয়ারুল করিমকে। ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদকে সরানো হয় চার মাসের মাথায়। আর ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্রসচিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.