সিলেটটুডে ডেস্ক | ২২ মে, ২০২৫
ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন রিটকারী আইনজীবী কাজী আকবর আলী।
বৃহস্পতিবার (২২ মে) সকালে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রিটটি খারিজ করে দেন।
এদিকে, প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেয়ার কোনো বাধা রইল না। আগামী ২৬ মে এর মধ্যে তাকে শপথ পড়াতে হবে। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে।’
১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।