Sylhet Today 24 PRINT

উপদেষ্টা ফারুকীর সংবাদ সম্মেলনে সাংবাদিক সঙ্কট, ব্যাখ্যা বাংলা একাডেমির

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২৫

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ওই সংবাদ সম্মেলন ডেকেছিলেন। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

প্রায় শূন্য সভাকক্ষের সেই ছবি দিয়ে সংবাদমাধ্য্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে, যা নিয়ে ফেইসবুকে তুমুল আলোচনা শুরু হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা প্রসঙ্গে গণমাধ্যমের কিছু প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

"মূলত আজকের সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগে জানা যায় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শাখা সংস্কৃতি বিটের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেননি।"

সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় বাংলা একাডেমি বলেছে, "যেহেতু আজকের সংবাদ সম্মেলনটি মূলত সংস্কৃতি বিটের সাংবাদিকদের জন্যই আয়োজন করা হয়েছিল, তৎক্ষণাৎ এই বিষয়ে দুঃখ প্রকাশ করে পরবর্তী সুবিধাজনক সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।"

‘শীঘ্রই যথাবিহিত ব্যবস্থাগ্রহণপূর্বক’ স্থগিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানায় বাংলা একাডেমি।

এ নিয়ে বাংলা একাডেমি সংস্কার বিষয়ে এই সংবাদ সম্মেলন দ্বিতীয়বারের মত স্থগিত করা হল। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়েছিল বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের সূচি ঠিক করা হয়।

শনিবার সংবাদ সম্মেলন শুরুর সময় হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দপ্তরে।

দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক জনাপাঁচেক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়। পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা এবং তার সঙ্গে সাংবাদিকদের পাল্টাপাল্টি কথা হয়। ওই ঘটনার পর দীপ্ত টিভির বুলেটিন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। সেইসঙ্গে দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানুর রহমান, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী ও চ্যানেল আই অনলাইনের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

যদিও বিষয়টি নিয়ে পরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার। ‘গণহত্যার পক্ষে’ প্রশ্ন করায় টেলিভিশন কর্তৃপক্ষ নিজেই এ সিদ্ধান্ত নেয়।

সাংবাদিকদের সঙ্গে ‘বাহাসের’ ঘটনার পরদিন রাতে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দেন ফারুকী। সেখানে তিনি লেখেন, “...আজ সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলা তাদের চাকরিচ্যুত করেছে। প্রত‍্যেক চ‍্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব‍্যাপার। ...তারপরও অনলাইনে কাউকে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি যে আমাকে প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার- এটাও তারা বুঝতে পারছে না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.