Sylhet Today 24 PRINT

নিক্কেই সম্মেলনে অংশ নিতে জাপানে মুহাম্মদ ইউনূস, দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০২৫

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় এবং জাপান সময় দুপুর সোয়া ২টায় টোকিওতে পৌঁছান প্রধান উপদেষ্টা।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন।

তিনি বলেন, জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ ছাড়া তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.