সিলেটটুডে ডেস্ক | ৩১ মে, ২০২৫
চলতি বছরের মে মাসে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা, সংখ্যালঘু নির্যাতন, সীমান্তে উত্তেজনা ও রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা বেড়েছে।
শনিবার (৩১ মে) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত মে মাসের মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুলিতে একজনের প্রাণহানির ঘটনা এবং লাশ গুমের অভিযোগ ওঠে। এ ছাড়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের। এ মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৫৪টি। এসব ঘটনায় ৮ জন নিহত ও ৩৫১ জন আহত হন। এ ছাড়া বড় রাজনৈতিক কর্মসূচি না থাকলেও আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুষ্কৃতকারীদের ২০টি হামলার ঘটনায় পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন বিএনপির এবং একজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে মাসে কারা হেফাজতে সাতজনের মৃত্যু হয়। সনাতন ধর্মীয়দের মন্দিরের প্রতিমা ভাঙচুর, জমি দখল, বাড়িঘরে অগ্নিকাণ্ডের ১৫টি ঘটনা ঘটেছে। দেশে মোট ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি ধর্ষণ, ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ৫টি ঘটনা রয়েছে। সীমান্তে হতাহতের ঘটনা বন্ধ হয়নি। বিএসএফের গুলিতে দুজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া বিএসএফের নির্যাতনে চারজন আহত হন। বিএসএফ এসএসসি পরীক্ষার্থীসহ আটজন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। তা ছাড়া বাংলা ভাষাভাষীদের পুশইন করার ঘটনা ঘটিয়ে সীমান্ত অস্থিতিশীল করে তোলা হয়েছে।
এমএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে ৫৫টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ শিশু, ৩ কিশোরী, ১৫ নারী ও ৩৩ জন পুরুষ রয়েছেন। এ মাসে ৩৪টি গণপিটুনির ঘটনায় ৭ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। গণপিটুনির শিকার ৩০ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া এ মাসেও সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক। দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী মে মাসে ৪১টি ঘটনায় ১০১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৮ জন তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ২৩ জন। এক সাংবাদিক নিখোঁজ হয়ে ফিরে আসেন। তা ছাড়া আইনি হয়রানির শিকার হয়েছেন ৩৭ জন সাংবাদিক।
এসব ঘটনা বেড়ে যাওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে এমএসএফ। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে রাজনৈতিক চর্চা, শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, সমমর্যাদা ও নাগরিক জীবনে নিরাপত্তার বিষয়গুলোর নিশ্চয়তা বিধানের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে সংগঠনটি।