Sylhet Today 24 PRINT

বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রেস উইংয়ের হুঁশিয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২৫

ভুল সংবাদ প্রকাশের জন্য লাইসেন্স দেওয়া হয়নি মন্তব্য করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।’

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় মুজিবনগর সরকারের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর এসেছে তা ‘ভিত্তিহীন’ উল্লেখ করে সংবাদ প্রকাশকারীদের দুঃখ প্রকাশের আহ্বান জানান তিনি।

আজাদ মজুমদার বলেন, ‘যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।’

এ সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। কিন্তু কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.