Sylhet Today 24 PRINT

একটি বৈঠকের দিকে তাকিয়ে সবাই

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২৫

মুক্তিযুদ্ধ করে শুরু করে নানা সময়েই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। আরেকবার দেশের মানুষ লন্ডনের দিকে তাকিয়ে। মূলত একটি বৈঠককে ঘিরেই আগ্রহ সবার।

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে  শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে কী বোঝাপড়া হয়, তা নিয়ে চলছে নানা আলোচনা।

সংস্কার, নির্বাচনসহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এমন একটি বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপশার মানুষের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টার এপ্রিলে ভোটের ঘোষণাকে বিএনপি মেনে নেয়নি। ফলে ভোটের সময় নিয়ে বিতর্ক এখনো মেটেনি। তবে এই বৈঠকের খবরে এসব বিষয় নিয়ে কয়েক মাস ধরে রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছিল, ভোটের সম্ভাব্য সময় ঘোষণায় সেটি আপাতত কমেছে।

গত সোমবার বিকালে চার দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায়। সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ছয় তারকা ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ইতিমধ্যে দেশে-বিদেশে এই বৈঠক নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সুনির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও ২ ঘণ্টার গুরুত্বপূর্ণ এ বৈঠকে সব বিষয়েই তাদের মধ্যে কথা হবে বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই সনদসহ আরও অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির যে দূরত্ব বা মতবিরোধ সৃষ্টি হয়েছে, সেটা কমে আসতে পারে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে আলোচনা প্রাধান্য পেতে পারে। এ ছাড়া চলমান সংস্কার ও বিচারের বিষয়ও আলোচনায় থাকবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে এই অভিমত জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, কালকে নয়টার মধ্যেই ওনারা আসবেন। আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে। এই ক্ষেত্রে ওনারা যদি মনে করেন আরও কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন (সিদ্ধান্ত নেবেন)।’

এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সামনে নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিলে, এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন। কেননা তারা একজন হচ্ছেন এখনকার ইন্টেরিম গভর্নমেন্টের প্রধান, আরেকজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির (সবচেয়ে বড় রাজনৈতিক দল) প্রধান। তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সবকিছু নিয়ে আলোচনা করবেন।’


আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা নিয়ে কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছিল। এর মধ্যে ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। তবে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপির নেতারা এরপরও তাদের ওই দাবি পুনর্ব্যক্ত করেন।

বিএনপিসহ অনেক দল এ ‘সময়সীমা’ মেনে না নিলেও ভোটের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক অঙ্গনের অনেকে। যদিও রাজনীতি-সংশ্লিষ্ট অনেকে মনে করেন, রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের সময় নির্ধারণ করতে পারলে রাজনৈতিক বোঝাপড়া আরও স্বস্তিদায়ক হতো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সাক্ষাৎ যাতে হয়, এ ব্যাপারে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ভূমিকা রাখেন। পরে দুই পক্ষের ইচ্ছায়, বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারণ হয়। এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা হয়। তারা এই সাক্ষাতকে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য হিতকর হবে বলে মনে করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠেয় বৈঠক প্রসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বলেন, ‘গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে।’

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘বিশ্বাস করি, এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।’

রিজভী বলেন, ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়েই নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনসহ সব সমস্যার সমাধান সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.