Sylhet Today 24 PRINT

‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর ‘হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ড. ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২৫

কিং’স ফাউন্ডেশনের চেয়ার অব ট্রাস্টি ডেম অ্যান লিম্ব ড. ইউনূসের হাতে এ পুরষ্কার তুলে দেন

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘দ্য কিং’স ফাউন্ডেশন’-এর ‘কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার হাতে এই স্বীকৃতি তুলে দেওয়া হয়।

পুরষ্কার প্রদানকারী সংস্থা ‘দ্য কিং ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে বলা হয়েছে কিং’স ফাউন্ডেশনের চেয়ার অব ট্রাস্টি ডেম অ্যান লিম্ব ড. ইউনূসের হাতে এ পুরষ্কার তুলে দেন।

ব্রিটেনের রাজার হারমোনি ফিলোসফির প্রতি দীর্ঘমেয়াদি সমর্থন এবং প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার দেওয়া হয়। অধ্যাপক ইউনূসকে তার সামাজিক ব্যবসা নীতির প্রচার এবং বাংলাদেশ ও অন্যান্য দেশে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখায় এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয়।

এর আগে লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়, যা ছিল একেবারে ব্যক্তিগত।

তিনি আরও বলেন, এই পুরো সফরের মধ্যে আমি বলব, এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। একান্ত সাক্ষাতের পর, রাজা ও রাণীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসেবে প্রফেসর ইউনূসকে প্রদান করা হয়, যা প্রধান উপদেষ্টার জন্য একটি বড় সম্মানের ছিল বলে দাবি করেন প্রেস সচিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.