Sylhet Today 24 PRINT

\'মবের শিকার\' সাবেক সিইসি হুদা, গলায় \'জুতার মালা পরিয়ে\' পুলিশে সোপর্দ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২৫

ছবি ভিডিও থেকে নেওয়া

মবের শিকার হয়েছেন সাবেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

কিছু লোক তার বাড়ি ঘেরাও করে তাকে হেনস্তা করে পুলিশের হাতে তুলে দেয়।

রোববার (২২ জুন) মামুন হাসেমি দিপু নামের এক ফেসবুক আইডির পোস্ট থেকে সাবেক সিইসির গলায় জুতার মালা পরানো ভিডিও আপলোড করা হয়। এতে একজনকে বলতে শোনা যায়, সাবেক সিইসি স্বৈরাচার তৈরি করেছেন। ওই বক্তার নামপরিচয় পাওয়া যায়নি।

এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাবেক সিইসিকে উত্তরা-পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুর হুদাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম বলেন, 'কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নেই।'

তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

এর আগে রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয় বিএনপি। সেইসঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.