Sylhet Today 24 PRINT

সাবেক সিইসিকে হেনস্তা: সেনাবাহিনীর হাতে হানিফ আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২৫

সাবেক সিইসিকে হেনস্তা করে একদল লোক। ছবি ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) রাতে উত্তরার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার ভোরে হানিফ মিয়াকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, আটক হানিফ মিয়া বর্তমানে থানায় পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

গত রোববার (২২ জুন) উত্তরার নিজ বাসা থেকে কে এম নূরুল হুদাকে একদল লোক জোরপূর্বক বের করে এনে প্রকাশ্যে হেনস্তা করে। জুতার মালা পরিয়ে তার গায়ে ডিম নিক্ষেপ করা হয় এবং জুতা দিয়ে আঘাত করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি- এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের দায়ের করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় অভিযোগ ছিল- দিনের ভোট রাতে করার মতো নানা নির্বাচনি অনিয়মের।

এদিকে রোববার রাতে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, ‘অভিযুক্ত ব্যক্তি যত বড় অপরাধীই হোক না কেন, তাকে আইন হাতে তুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা আইনবহির্ভূত, ফৌজদারি অপরাধ এবং আইনের শাসনের পরিপন্থী।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মব’ তৈরি করে যারা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন, তাঁদের সবাইকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন মহল বলছে, বিচার চাইলেও সেটা হতে হবে সঠিক আইনগত প্রক্রিয়ায়, জনরোষের শিকার করে নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.