Sylhet Today 24 PRINT

সংবিধানে ‘বিসমিল্লাহ’ পুনঃস্থাপনের প্রস্তাব জামায়াতের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২৫

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

দেশের সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।

দলটি বলছে, কয়েকটি বাম দল ছাড়া দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই তাদের এই প্রস্তাবের সঙ্গে একমত।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহির রাহমানির রাহিমের সংযোজন করতে হবে।”

আলোচনায় সাংবিধানিক বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানোর প্রস্তাবও দিয়েছে জামায়াত।

দলটি প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিলে’র (এনসিসি) পরিবর্তে ‘সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটি’ গঠনের কথা বলেছে। এই কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার প্রস্তাব তাদের।

এ বিষয়ে তাহের বলেন, “যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না।”

এই প্রস্তাব প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর জন্য একটি কমিটি হবে। অনেকে বলেছেন, এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। আমরা মনে করি, এটা ঠিক নয়। বরং এতে ক্ষমতার ভারসাম্য আসবে।”

প্রস্তাবিত এই কমিটির কাঠামো তুলে ধরে তিনি বলেন, “এ কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধী দলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার ও সব বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন।”

প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, “বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে। সচিবালয়ে এখনও ফ্যাসিস্টের দোসর রয়েছে। তাই এই ব্যবস্থার বিলোপ প্রয়োজন।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.