সিলেটটুডে ডেস্ক | ২৬ জুন, ২০২৫
সারাদেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এ স্বাস্থ্যবিধি প্রচার করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। চলবে একটানা দুপুর ১টা পর্যন্ত। আগাম ১০ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে, ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
নির্দেশনায় বলা হয়, কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষাসংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান, পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখা ডেঙ্গু বিস্তার রোধে পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।
এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখা, ও সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।