Sylhet Today 24 PRINT

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা প্রত্যাখ্যান হাসনাত-সারজিসের

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২৫

ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে আন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে দুজন এই ঘোষণার বিরোধিতা করেন।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেয়া হবে না।’

অপরদিকে সারজিস আলম ফেসবুকে লিখেন- ‘৮ আগস্ট ২য় স্বাধীনতা শুরু হয়নি। ২য় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’।’

এর আগে বুধবার (২৫ জুন) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, প্রতি বছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে। দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ১৬ জুলাইকে ‘শহিদ আবু সাঈদ দিবস’ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.