সিলেটটুডে ডেস্ক | ২৭ জুন, ২০২৫
দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার ২৭ জুন থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে।
সে হিসাবে আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
হিজরি সাল গণনা করা হয় আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিজরতের বছর থেকে। এটি চন্দ্রবর্ষ বা চাঁদের হিসাব অনুযায়ী গণনা করা হয়। নতুন চাঁদ উঠলে হিজরি ক্যালেন্ডারের নতুন মাস শুরু হয়। হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মহররম, শেষ মাস জিলহজ। ধারাবাহিকভাবে হিজরি ক্যালেন্ডারের মাসগুলো হলো, ১. মহররম, ২. সফর, ৩. রবিউল আউয়াল, ৪. রবিউস সানি, ৫. জমাদিউল আউয়াল, ৬. জমাদিউস সানি, ৭. রজব, ৮. শাবান, ৯. রমজান, ১০. শাওয়াল, ১১. জিলকদ, ১২. জিলহজ।
আল্লাহর রাসুলের যুগে চন্দ্রমাসগুলোর হিসাব রাখা হলেও মুসলমানদের কোনো সাল ছিল না। হজরত ওমরের (রা.) খেলাফতকালে আল্লাহর রাসুলের হিজরতের বছরকে সূচনাবর্ষ ধরে হিজরি সাল গণনা করা শুরু হয়।