নিউজ ডেস্ক | ০৪ ফেব্রুয়ারী, ২০১৬
পুলিশের বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছেছে; এমন অত্যাচারী পুলিশ আমাদের প্রয়োজন নেই। রাজধানীর মিরপুরে চাঁদার দাবিতে পুলিশের আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের মৃত্যুতে প্রতিক্রিয়া এ মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মাতুব্বর মারা যান। এর কিছুক্ষণ পর বার্ন ইউনিটে পৌঁছান ড. মিজানুর রহমান। এ সময় বাবুলের স্বজনদের সান্ত্বনা দেন তিনি।
ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ যে বাড়াবাড়ি করছে তা চরম পর্যায়ে পৌছেঁছে। পুলিশের এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে সমাজ তথা পুলিশ বাহিনীর ওপর প্রভাব পড়বে।
তিনি বলেন, একজন সাধারণ চা বিক্রেতা বাবুল মাতুব্বর মারধর তথা অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। তিনি আর ফিরে আসবেন না। কিন্তু তার পরিবারটি এখন কিভাবে চলবে?
পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নিয়ন্ত্রণহীন পুলিশের এখন লাগাম টেনে ধরা দরকার।
তিনি আরো বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন পুলিশ মানুষের বন্ধু। তাহলে একজন সাধারণ চা বিক্রেতা কেন পুলিশের অত্যাচারের শিকার হলো। এমন পুলিশ আমাদের প্রয়োজন নেই বলেও মন্তব্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহআলী থানাধীন গুদারাঘাটে চাঁদার টাকা না পেয়ে চা দোকানি বাবুল মাতুব্বরের গায়ে আগুন লাগিয়ে দেয় পুলিশ। এরপর দ্বগ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যুবরন করেন বাবুল।
এদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।