Sylhet Today 24 PRINT

গণমাধ্যমকে এনসিপি নেতার প্রকাশ্য হুমকি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার পক্ষ থেকে সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

মঙ্গলবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, 'গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তন্ত এবং গণতান্ত্রিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমের কোনো প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার পাওয়ার জন্য দেশে প্রেস কাউন্সিল ও প্রচলিত আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করে স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত করা যাবে না।'

তারা আরও বলেন, 'স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মতপ্রকাশ গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি কিংবা ভয় দেখানোর চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানপ্রদত্ত অধিকার লঙ্ঘনের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের পক্ষে উদ্বেগ ও নিন্দার এই বার্তা প্রেরণ করেছেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি গণমাধ্যমকে হুমকি দেন। এরআগে হাসনাত আব্দুল্লাহ নামোল্লেখ না করে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.