সিলেটটুডে ডেস্ক | ১১ জুলাই, ২০২৫
‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে দেশের শীর্ষ পত্রিকা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ দুইজনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগ তদন্ত করে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরান হোসেন এ তথ্য জানিয়েছেন।
এরআগে গত ২৮ এপ্রিল ঢাকার ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলাম জুড়ে ঈদ মোবারক শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। কার্টুনটি কুকুরের ছবিসংবলিত। ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উত্সবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় দৈনিক ইসলাম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ধর্মীয় উত্সবকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মুসলিম সমাজের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়, যা ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উত্সবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। আসামিরা স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে এ কাজটি করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন ‘আলপিন’-এর ৪৩১তম সংখ্যায় স্থান পাওয়া একটি নিয়েও মতিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছিল। কার্টুনটির শিল্পী আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে আলপিন ও মূল পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তাঁর সম্পাদিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি মুসল্লিদের চাপের মুখে বায়তুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা উবাইদুল হকের হাতে হাত রেখে ‘তওবা’ করেন।