Sylhet Today 24 PRINT

কারাগারে অর্থনীতিবিদ আবুল বারকাত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

এদিন আবুল বারকাতকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে আসামির তিন দিনের রিমান্ড আবেদন ছিল। তবে এই কোর্টের রিমান্ড বিষয়ে শুনানি করার এখতিয়ার না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সিনিয়র আদালতে এই রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২০ ফেব্রুয়ারি অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.