সিলেটটুডে ডেস্ক | ১৬ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী। গাড়িবহরেও রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর গাড়ি।
এদিকে, এই কর্মসূচি ভণ্ডুল করতে মাঠে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নতুন গঠিত এ রাজনৈতিক দলটির কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলা কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্র জানায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার কংশুর এলাকায় বেশকিছু আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন নেতাকর্মী সেখানে নাশকতার উদ্দ্যেশ্যে জমায়েত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, জায়গায় জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করছেন। অনেক ভিডিওতে দেখা যায় রাস্তার পাশের গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চলছে।