Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জ সংঘাত: কন্ট্রোল রুমে বসে পুলিশকে দিকনির্দেশনা দেন উপদেষ্টা জাহাঙ্গীর ও আসিফ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০২৫

ছবি উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক থেকে নেওয়া

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে পরিস্থিতি তদারকি ও দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সেখানে আরও ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার বেলা সাড়ে ৩টা থেকে রাত পর্যন্ত তারা সেখানে ছিলেন। পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা যায়।

এদিকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে তদারকি ও দিকনির্দেশনার কথা জানিয়ে এক পোস্টে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ওই পোস্টে লেখেন, ‘গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।’

তিনি আরও লেখেন, ‘সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে *** দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।’

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় কারফিউয়ের কথা জানানো হয়। বার্তায় বলা হয়, আজ রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশসহ বিভিন্ন জনের গুলিতে ৪ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে সেনাবাহিনীর সাঁজোয়া যানের ভেতরে করে এনসিপির নেতারা এলাকা ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.