সিলেটটুডে ডেস্ক | ১৯ জুলাই, ২০২৫
ছবি সংগৃৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। শনিবার সকালে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয় হাজার হাজার নেতাকর্মী। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান পেরিয়ে বাইরেও প্রচুর মানুষকে অবস্থান নিতে দেখা গেছে।
সমাবেশের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই উদ্যানে জড়ো হতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানীতে এসে মিছিল সহকারে নেতা-কর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে হাজার নেতাকর্মী, অনেকের হাতে দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে।
পাশাপাশি, জাতীয় সমাবেশে যোগদানের জন্য জামায়াতকে রাজশাহী, সিরাজগঞ্জ দুটি স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া, চট্টগ্রাম থেকেও একটি স্পেশাল ট্রেন ভাড়া করেছে দলটি।
জামায়াত সূত্র জানিয়েছে, স্পেশাল ট্রেন ছাড়াও চট্টগ্রামের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকেও ভাড়ায় চালিত অসংখ্য বাসে নেতা-কর্মী ঢাকায় যাবেন।
দলীয় নেতারা জানান, মূল কর্মসূচি শুরু হবে দুপুর ২টায়।
জামায়েতের সমাবেশকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ দিয়ে তাদের নেতাকর্মীরা প্রবেশ করছেন। শাহবাগ, মৎস্য ভবন মোড়, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতিতে যানবাহন ধীর গতিতে চলাচল মকরছে। তবে অধিকাংশ রাস্তাতেই রাস্তার একটি অংশ যানচলাচলের জন্য ছেড়ে দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করছেন নেতা-কর্মীরা।
নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন। স্লোগানের মধ্যে রয়েছে: 'কে বলেরে রাজাকার, সাঈদী মোদের অহংকার'; 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'; 'বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ'; 'মুজিদবাদ মুজিদবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ'; 'জামায়েত ইসলামীর বাংলায়, মুজিববাদের ঠাই নাই' ইত্যাদি।