সিলেটটুডে ডেস্ক | ২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।
উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আকাশ বলেন, ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
এর আগে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।