Sylhet Today 24 PRINT

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২০

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে।  সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই,  জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২, ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১, সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২, কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২, উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন। নিহত ২০ জন।

এরআগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।

উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আকাশ বলেন, ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.