সিলেটটুডে ডেস্ক | ২২ জুলাই, ২০২৫
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহতদের মধ্যে প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।
তিনি বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭১ জন।
এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় বার্তা সংস্থা বাসস জানায়, সরকারি হাসপাতাল ছাড়াও সব বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।