Sylhet Today 24 PRINT

সচিবালয়ে লাঠিপেটার শিকার শিক্ষার্থীরা, জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের সংখ্যা প্রকাশসহ ৬ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পাল্টায় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যদের কয়েকজনকে ধরে আনতে দেখা যায়। শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল শুরু হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত ৩টার দিকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার। এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে আজ বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’-এমন স্লোগান দেন।

বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ কয়েক শ শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢোকেন। তখন সেখানে ভাংচুরের ঘটনা। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। এ ঘটনায় আহত অন্তত ৭৫ জন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামির নামে একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান, আজাহার, শাহেদ খান, জিসান, পারভেজ, নাঈম, নিহান, নাফিজ, ইমাদ, শাহিন। এদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

ঢাকা মেডিকেলে মেহবুব ইমন নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক–শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সকল কলেজের শিক্ষার্থীরা মিলে তাঁরা সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ার মুখে এক পর্যায়ে দুই ভাগ হয়ে যায় শিক্ষার্থীরা। তাদের একটি দল জিপিও মোড় এলাকায় গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.