সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০২৫
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১ টা ৫ মিনিটে ১৩ বছর বয়সী শিক্ষার্থী মাকিন সরকার মারা যায় বলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন।
তিনি বলেন, "মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসাপতালের আইসিউতে চিকিৎসাধীন ছিল সে।"
শুক্রবার সকাল ৯ টা ৩২ মিনিটে ১০ বছর বয়সী আইমান মারা যায়ওয়ার কথা জানিয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের শাওন বিন রহমান। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আরেক শিক্ষার্থীর মৃত্যর কথা জানালেন।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৩ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।
দগ্ধ ও আহত ৫০ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।