Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি প্রায় দ্বিগুণ করল আইভ্যাক

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২৫

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা (প্রায় দ্বিগুণ) করা হয়েছে।

আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা প্রক্রিয়াকরণ ফি কার্যকর হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে ভারতের ভিসার প্রক্রিয়াকরণের জন্য আবেদন ফি ৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী ১০ আগস্ট থেকে সংশোধন করে ১ হাজার ৫০০ টাকা করা হবে। এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আরোপিত একটি সার্ভিস চার্জ।

এতে আরও জানানো হয়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.