Sylhet Today 24 PRINT

কক্সবাজারে পিটার হাস ও এনসিপির বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘আমরা ঘুরতে এসেছি’

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৫

৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে রাজধানী ঢাকায় ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। এ-নিয়ে আলোচনা চলার সময়ে কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের খবর প্রকাশিত হয়েছে। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এটাকে গুজব বলে ওড়িয়ে দিয়ে বলছেন, তারা কক্সবাজারে ঘুরতে এসেছেন।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি হোটেলে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের এই বৈঠক হয়।

পিটার হাস বর্তমানে একটি মার্কিন কোম্পানির শীর্ষ কর্মকর্তা হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলেন। তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, এবং আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন বিষয়ে সরকারের ওপর চাপ প্রয়োগ করতেন বলে দলটির নেতারা অভিযোগ করে আসছিলেন।

পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের এই বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পাটোয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।

উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এর তিন দিন পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।

বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.