নিজস্ব প্রতিবেদক | ০৫ আগস্ট, ২০২৫
জুলাই অভ্যূত্থানের একবছর পূর্তির দিনে আজ (৫ আগস্ট) কক্সবাজার গেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা জাতীয় নাগিরক পার্টি (এনসিপির) কয়েকজন শীর্ষ নেতা।
৫ আগস্ট উদযাপনে সরকার নানা কর্মসূচী পালন করছে। আজ বিকেলে ঢাকায় ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। যা এনসিপির পক্ষ থেকে দীর্ঘদিন দাবি জানানো হচ্ছিলো।
এমন দিনে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে উঠা দল এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার যাওয়া নিয়ে নানা গুঞ্জন দেখা গিয়েছে। এনসিপি নেতারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়। এমন খবরে স্থানীয় বিএনপি নেতারা কক্সবাজারের ইনানীর 'সীপার্ল রিসোর্ট এন্ড স্পা' হোটেলের (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) সামনে বিক্ষোভও করেন।
যদিও এনসিপি নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে এটি গুজব বলে দাবি করেন।
নসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পিটার হাসের সাথে বৈঠকের খবর সম্পূর্ণ গুজব। আমরা কক্সবাজারে সাগরে ঘুরতে এসেছি।
পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে ‘জাস্ট রাবিশ’ উল্লেখ করে এনসিপির কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘ পিটার হাসের সাথে আমাদের কোথাও কোন বৈঠক হয়নি। আমরা কয়েকজন ব্যক্তিগত ট্যুরে এখানে (কক্সবাজারে) এসেছি।’
এনসিপি নেতাদের এমন দাবির পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রম্ন তুলেছেন- ৫ আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে, গণঅভ্যূত্থান দিবসের নানা কর্মসূচী ফেলে আজকেই এনসিপি নেতারা কক্সবাজার ঘুরতে গেলেন কেন? এর পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলেও নেটিজেনদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন, তারা কক্সবাজারে ‘ঘুরতে’ গেছেন।
এই সফরে খালেদ সাইফুল্লাহর সঙ্গে তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী রয়েছেন।
কক্সবাজার এয়ারপোর্টে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান, বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর তারা গাড়িতে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।
দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। তারা কক্সবাজারের ইনানীর 'সীপার্ল রিসোর্ট এন্ড স্পা' হোটেলে (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) যান বলে খবর ছড়ায়।
তবে এই হোটেলের চিফ সিকিউরিটি অফিসার কামরুজ্জামান দাবি করেছেন, আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়-ই, কোনো বিদেশি অতিথি নাই।’
তবে এখন টিভির একটি খবরে বলা হয়, “কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এতে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা প্রমুখ।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে খালেদ সাইফুল্লাহ বলেন, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোন মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।”
কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন বিকাল পৌনে ৫টার দিকে বলেন, “পাঁচ এনসিপি নেতা হোটেলে আছেন। তারা পিটার হাসের সাথে বৈঠক করছেন এটা ঠিক নয়।
এসপি বলেন, ‘তারা ঢাকায় কখন ফিরবেন এ বিষয়টি জানাননি। তাছাড়া তাদের নামে বিমানের কোন টিকিট বুক করা আছে কিনা সেটাও পাইনি।’
প্রসঙ্গত, নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।