Sylhet Today 24 PRINT

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন করায় ছাত্রদলের নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শিবিরের কর্মসূচিতে স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন এবং তাদের সঙ্গে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

 মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, টিএসসি প্রাঙ্গণে ইসলামি ছাত্রশিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের' সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার সাবেক সংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি ছাত্রশিবির কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত রাজাকারদেরকে মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস; যেখানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র-খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেখানে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত করবার জঘন্য অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

এতে আরও বলা হয়, একইসঙ্গে ইসলামি ছাত্রশিবির কর্তৃক '২৪ এর গণ-অভ্যুত্থানকে'-৭১ এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর লক্ষ্যে এমন জঘন্য অপচেষ্টার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে ছাত্রদল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.