Sylhet Today 24 PRINT

জাবির ছাত্রদলের হল সভাপতির বিরুদ্ধে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হয়েছেন কাজী মৌসুমী আফরোজ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

মৌসুমীর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠেছে। তিনি ছাত্রলীগের নেত্রী ছিলেন বলেও অভিযোগ অনেকের।

৮ আগস্ট (শুক্রবার) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, মৌসুমী আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন এবং তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন। ওই সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আখতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

বর্তমানে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন। এর ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি পদে মনোনীত করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তিনি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, কারো সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেটা আলাদা বিষয়। তবে সেটা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.