Sylhet Today 24 PRINT

দেশের ৮০ শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উদ্বিগ্ন

বিআইজিডির সমীক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৫

বাংলাদেশে মব সহিংসতার ঘটনা নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বিগ্ন- এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।

ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এই সমীক্ষার ফলাফল সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে প্রকাশ করা হয়।

জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয়। সমীক্ষায় দেখা যায়, নারীর নিরাপত্তা, রাতে চলাচলের নিরাপত্তা এবং পোশাক নিয়ে হয়রানি নিয়েও উল্লেখযোগ্য পরিমাণ মানুষের উদ্বেগ রয়েছে।

ফলাফলে বলা হয়, সার্বিকভাবে মব সহিংসতা নিয়ে উদ্বেগ ৮০ শতাংশ, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৬১ শতাংশ এবং পোশাক নিয়ে রাস্তায় হয়রানি নিয়ে উদ্বেগ ৬৭ শতাংশ।

বিভিন্ন সামাজিক পরিস্থিতি কত শতাংশ মানুষের কাছে নেতিবাচক মনে হয়, তা পরিমাপ করেও সমীক্ষায় উপস্থাপন করা হয়েছে।

'জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই ২০২৫' শীর্ষক জরিপটি সারাদেশের ৬৪ জেলায় ৫ হাজার ৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনে পরিচালিত হয়। চলতি বছরের ১ থেকে ২০ জুলাই এই তথ্য সংগ্রহ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.