Sylhet Today 24 PRINT

৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ২০ বছর আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২৫

দেশব্যাপী একই দিনে সিরিজ বোমা হামলার ২০ বছর পূর্ণ হলো আজ ১৭ আগস্ট।

২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টা। হঠাৎ করেই কম্পিত হলো পুরো দেশের আদালত প্রাঙ্গণ। মুন্সীগঞ্জ ছাড়া একযোগে দেশের ৬৩ জেলায় বিস্ফোরিত হয় সিরিজ বোমা। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর হামলায় মারা যান ২ জন বিচারক, আহত হন আইনজীবী ও সাধারণ মানুষসহ ২ শতাধিক।

বোমা হামলার ঘটনায় সারা দেশে ১৫৯টি মামলা করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তা ছাড়া ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩৪৯ জনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

এসব মামলার তথ্যানুযায়ী, জেএমবি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে। তবে ঘটনার দুই বছর পর ২০০৭ সালে সংগঠনটির শীর্ষ ৬ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রসঙ্গত, ঝালকাঠি জেলার দুই বিচারককে হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ সংগঠনটির ছয় শীর্ষ নেতা শেখ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, থিংকট্যাংক সদস্য আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও সালাহউদ্দিনের ফাঁসি কার্যকর হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.