Sylhet Today 24 PRINT

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০২৫

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। গতকাল বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ। এ-নিয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

থানায় জিডি করেন তার ছেলে ঋত সরকার। তিনি বলেন, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য রওনা করেন তার বাবা। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। আমরা বাবার অফিসে (বনশ্রী) খোঁজ নিই এবং জানতে পারি যে তিনি অফিসে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওনা না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম।"

রমনা থানার ওসি গোলাম ফারুক বলছেন, আমরা খোঁজখবর নিচ্ছি। তবে উনি ফোনটা বাসায় রেখে গেছেন। ফোনটা সাথে থাকলে হয়তো খুঁজে পেতে সুবিধা হতো।

বিভুরঞ্জন সরকারের নিখোঁজের তথ্য সামাজিক যোগাযোগ জানিয়েছেন তার ভাই লেখক চিররঞ্জন সরকার।

তিনি বৃহস্পতিবার রাত দেড়টার পর ফেসবুকে লেখেন, আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো অফিস (আজকের পত্রিকা) যাবে বলে বাসা থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে অফিসে যায়নি। পরিচিত পরিমণ্ডলের কোথাও যায়নি। আজ কেউ তাকে দেখেনি। রাত ১টা পর্যন্ত সে বাসায় ফেরেনি। হাসপাতাল-পার্ক কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। সে আজ মোবাইলও বাসায় রেখে গেছে। রাতে রমনা থানায় জিডি করা হয়েছে। তার জন্য আমরা পরিবারের সবাই ভীষণ উদ্বেগের মধ্যে আছি!

উল্লেখ্য, ১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকাকালেই দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। লেখাপড়া শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে ‘তারিখ ইব্রাহিম' ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছিল।

তিনি বর্তমানে আজকের পত্রিকায় কর্মরত।

আজকের পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ আগস্ট থেকে ৭ দিনের ছুটিতে রয়েছেন বিভুরঞ্জন সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.