Sylhet Today 24 PRINT

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২৫

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে এক টানা এ কারাগারে বন্দি ছিলেন। আদালত থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করা হয়।

এক পর্যায়ে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শফিউর রহমান ফারাবীকে শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। অভিজিৎ রায় হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.