Sylhet Today 24 PRINT

৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর নথি সরবরাহের বিপরীতে ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর অঞ্চল-৫, ঢাকা-এ কর্মরত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) এনবিআরের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরখাস্তের পেছনে অভিযোগ অনুযায়ী তিনি করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ আয়কর নথিপত্র সরবরাহ করেন। এসব নথির মধ্যে পূর্ববর্তী কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনাল আদেশসহ বিভিন্ন গোপন নথি অন্তর্ভুক্ত ছিল।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে, এবং প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.