Sylhet Today 24 PRINT

চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি: জামায়াত আমির

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হলে বিদেশে চিকিৎসার জন্য ছুটে যান। এর ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই?

তিনি আরও বলেন, দেশের চিকিৎসার প্রতি সবসময় আস্থা ছিল। সেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি বলে জানান জামায়াত আমির।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, রাজনীতিক বন্ধুদের বলবো— চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌড়াবেন। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি কিংবা কম মূল্যে সরকারি প্লট নেবে না।

এ ছাড়াও ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মূলত, আর্তমানবতার কল্যাণ-মুক্তিই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা নেতিবাচক ধারার রাজনীতি পরিবর্তন করে দেশে ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনার বিরামহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা দেশ ও জাতিকে এমন একটি সমাজ উপহার দিতে চাই, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র কারো সঙ্গে কোনোভাবেই বৈষম্যমূলক আচরণ করবে না। দেশ হবে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনমুক্ত। আমরা যে প্রতিশ্রুতি পালনে পুরোপুরি সক্ষম, তা আমাদের দুজন মন্ত্রী সার্থকভাবে প্রমাণ করে গেছেন। তারা ছিলেন দুর্নীতিমুক্ত, সৎ, যোগ্য ও অধিকতর দক্ষ। তাই সে কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় পাঠাতে হবে’।

তিনি দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান। জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু শঙ্কাটাও পুরোপুরি কেটে যায়নি। তাই আমাদের খুবই সন্তর্পণে অগ্রসর হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.