Sylhet Today 24 PRINT

নুরাল পাগলার লাশের ওপর ‘প্রেট্রোল ছিটানো’ ব্যক্তি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশের ওপর ‘পেট্রোল ছিটানো’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নজরুল ইসলামের (৩৩) বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ায়।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে কোনো অঘটন এড়াতে গত শুক্রবার থেকে দরবার ও শহরজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, নুরাল পাগলার দরবারে হামলায় অগ্নিসংযোগ, গুরুতর জখম, লুটপাট, হত্যা এবং কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে নুরাল পাগলার লাশের ওপর প্রেট্রোল ছিটানো ব্যক্তি হিসেবে ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

এর আগে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার (২৭) বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গত ৮ আগস্ট সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। সে মামলায় নজরুল ইসলামসহ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার দিন ৫ সেপ্টেম্বর হামলায় নিহত ছাড়াও ১০-১২ জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। পুলিশের দুটিসহ ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর আরেকটি মামলা করেন।

এতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে। দুটি মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, এখন পর্যন্ত দুটি মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কাউকে ধরা হচ্ছে না। তাই ঘটনায় জড়িত নন—এমন কারো আতঙ্কিত হওয়ার কারণ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.