Sylhet Today 24 PRINT

নুরের উপর হামলা: জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা

যুগভেরী ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মিছিলে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এই মামলার প্রধান আসামি জিএম কাদের।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুকের কাছে মামলার আবেদন জমা দিয়ে আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।

তিনি বলেন, মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আখতারুজ্জামান সম্রাট জানান, মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন। যাচাই-বাছাই করে মামলাটি রেকর্ড করবেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.