Sylhet Today 24 PRINT

পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, যেতে পারবেন সীমিতসংখ্যক পর্যটক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস পর্যটকদের প্রবেশাধিকার থাকবে। প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রথম দুই মাস শুধু দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করার সুযোগ থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

নাসরীন জাহান বলেন, পর্যটন খোলার আগে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা– দুটিই আমাদের দেখতে হয়। সেন্টমার্টিন যেহেতু ইউএন ট্যুরিজমের হেরিটেজ এলাকা, তাই প্রবাল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সীমিতসংখ্যক পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তিনি জানান, পর্যটক ব্যবস্থাপনায় সফটওয়্যার চালু করা হচ্ছে, যা জাহাজ শিল্পের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

সচিব জানান, ২০২৪ সালে ইমিগ্রেশন পুলিশ ও অন্যান্য তথ্য অনুযায়ী ছয় লাখ ২৫ হাজারের বেশি বিদেশি পর্যটক বাংলাদেশে এসেছেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, নিজেদের পর্যটন অবকাঠামো ও সেবা উন্নত হলে বিদেশি পর্যটক স্বাভাবিকভাবেই বাড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.