Sylhet Today 24 PRINT

জামায়াতের আমিরের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২৫

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী মিস. গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস. হুমা খান।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াতের আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জামায়াতের আমিরে সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.